ব্রাহ্মণপাড়ায় ডাকাতের কোপে আহত ৩
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে আনোয়ারুল ইসলাম (২৬) নামের স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে ডাকাত দল। এ সময় ওই সাংবাদিককে বাঁচাতে এসে তাঁর মা ও মামাও আহত হন। রাতেই তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত একটার দিকে স্থানীয় কুমিল্লার ডাক পত্রিকার সাংবাদিক আনোয়ারুল ঘরের বাইরে বের হয়ে উঠানের বৈদ্যুতিক বাতি ভাঙা দেখতে পান। এ সময় বাড়ির পাশে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখেন তিনি। আনোয়ারুল তাদের পরিচয় জানতে চাইলে আট-দশজন যুবক এসে তাঁকে জাপটে ধরে এলোপাতাড়ি কোপায়। চিৎকারে তাঁর মা শামছুন্নাহার বেগম (৫০) ও মামা রফিকুল ইসলাম ছুটে এলে তাঁদের ওপরও হামলা করে সন্ত্রাসীরা। একপর্যায়ে স্থানীয় লোকজন ছুটে এলে ডাকাতেরা একটি মুঠোফোন ও দুটি চার্জলাইট নিয়ে পালিয়ে যায়। আহত আনোয়ারুল বলেন, ‘দুষ্কৃতকারীরা সবাই মুখোশ পরা ছিল। ওরা ডাকাতি করতেই এসেছিল। আমি দেখে ফেলায় হামলা চালায়।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় অভিযোগ দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।