ব্রাহ্মণপাড়ায় পাথর নিক্ষেপ, ট্রেনের চালকসহ আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে গতকাল শুক্রবার দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন। পরে ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। দুষ্কৃতকারীরা স্টেশনের একটি দোকানে ভাঙচুর ও লুটপাটও করে। পরে রেলওয়ে পুলিশ তিনজনকে আটক করেছে।রেলওয়ের স্থানীয় স্টেশন কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত একটার দিকে ঢাকাগামী ট্রেন নোয়াখালী এক্সপ্রেস ঢাকা-চট্টগ্রাম রেলপথের শশীদল স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটির ভেতরে ও ছাদে চড়ে পাঁচ শতাধিক যাত্রী আখাউড়ার খরমপুর মাজারে যাচ্ছিল। ট্রেনটি থামার পরপরই কয়েকজন দুষ্কৃতকারী ওই স্টেশনের একটি দোকানে প্রবেশ করে বিভিন্ন পণ্য নিয়ে মূল্য না দিয়েই বেরিয়ে পড়ে। দোকানের মালিক মালেক মিয়া এ ঘটনার প্রতিবাদ করেন। একপর্যায়ে দুষ্কৃতকারীরা দোকানটিতে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া ট্রেনটি ছাড়ার সময় তারা স্টেশনের বিভিন্ন দোকানে পাথর নিক্ষেপ করে।গতকাল চট্টগ্রামগামী জালালাবাদ ট্রেনের ছাদে করে আখাউড়া থেকে ফিরছিল ওই দুষ্কৃতকারীরা। সকাল আটটার দিকে ট্রেনটি শশীদল স্টেশন ত্যাগ করার সময় তারা আবার দোকান লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় স্থানীয় জনতা ট্রেনটি থামিয়ে দুষ্কৃতকারীদের খুঁজতে গেলে তারা এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করতে থাকে। তাদের ছোড়া একটি পাথর ট্রেনের চালক মো. কবির হোসেনের মাথায় আঘাত করলে তিনি আহত হন। একপর্যায়ে ওই স্টেশনের পুলিশ ফাঁড়ির ও ট্রেনের টহল পুলিশের সদস্যরা দুষ্কৃতকারীদের আটক করতে গেলে ছাদ থেকে লাফিয়ে পড়ে অন্তত ১০ জন আহত হয়। আহত যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।পরে পুলিশ তিনজনকে আটক করে লাকসাম রেলওয়ে থানায় নিয়ে যায়। এরা হলো: কুমিল্লার জাঙ্গালিয়ার ইয়াসিন (২০), বালুতুপা গ্রামের সোহেল মিয়া (১৮) ও ছাব্বির হোসেন (১৭)।