ব্রাহ্মণপাড়ায় বিএনপির নতুন কমিটির সভায় দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক পথচারীসহ চারজন আহত হয়েছেন। উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা চলাকালে গতকাল শুক্রবার বিকেলে এ সংঘর্ষ হয়।স্থানীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও নবগঠিত উপজেলা কমিটির আহ্বায়ক শওকত মাহমুদ পক্ষ ও সদ্য ভেঙে দেওয়া কমিটির সভাপতি জসিম উদ্দিন পক্ষের মধ্যে গতকাল সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় উপস্থিত ছিলেন শওকত মাহমুদ। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হন বুড়িচং উপজেলা ছাত্রদলের নেতা মিয়া মো. সোহাগ পারভেজ, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের নেতা মজিবর রহমান, যুবদল নেতা হুমায়ুন কবির ও পথচারী আক্তার হোসেন। আহত সোহাগ ও মজিবরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুমায়ুন কবির বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ছাড়া আক্তার হোসেন একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষকালে কুমিল্লা-মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভা শেষ করেন শওকত মাহমুদ। নবগঠিত কমিটি থেকে বাদ পড়া নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করছেন দলের একাধিক নেতা-কর্মী।এ হামলায় সরকারি দলের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন শওকত মাহমুদ। তিনি বলেন, ইউনিয়ন কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। অচিরেই সেগুলো নতুন করে গঠন করা হবে।উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সভাপতি জসিম উদ্দিন দাবি করেন, সংঘর্ষের ব্যাপারে তিনি কিছুই জানেন না। হামলার ঘটনায় তাঁর অনুসারীদের কেউ জড়িত নন।