ব্রাহ্মণপাড়ায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া ও মুরাদনগর উপজেলার সাতটি গ্রামে তিন দিন বিদ্যুৎ না থাকার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার তাঁরা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে এ ঘটনার প্রতিবাদ জানান। এ সময় তাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির ব্রাহ্মণপাড়া আঞ্চলিক কার্যালয়ের অধীনে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর, কান্দুঘর, রাজাবাড়ী এবং মুরাদনগর উপজেলার জানঘর, ডালপাড়, ইষ্টগ্রাম ও কোরবানপুর গ্রামে তিন দিন ধরে বিদ্যুৎ নেই। দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় গ্রামগুলোর বাসিন্দারা দুর্ভোগ পোহান। পরিস্থিতি অসহনীয় ওঠায় তাঁরা ক্ষিপ্ত হয়ে গতকাল বেলা দুইটায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণপাড়া মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় গাছ ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুপাশে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ধরনের কয়েক শ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারী ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেন। অবশ্য বেলা দুইটায়ই কর্তৃপক্ষ গ্রামগুলোকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

পবিসের ব্রাহ্মণপাড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও প্রচুর বৃষ্টিপাতের ফলে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে তাড় ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।