ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে-ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলের ধনপাড়া উপজেলা ও সিলেটে দুই ব্যক্তি খুন হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): উপজেলার চান্দলা ইউনিয়নের ধলগ্রাম গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার সাবেক সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে (৬৫) পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে আবুল কাশেমের বড় ভাইয়ের মৃত্যু হয়। তার পর থেকে কাশেম ওই ভাইয়ের সংসারের ব্যয়ভার বহন করে আসছিলেন। তিনি বাড়ির পাশে তাঁরই একখণ্ড জমি তাঁর ভাতিজাদের চাষ করার জন্য দেন। ভাতিজাদের আর্থিক সচ্ছলতা আসায় সম্প্রতি তিনি ওই জমি নিজে চাষ করার প্রস্তুতি নেন। এ নিয়ে ভাতিজাদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে কাশেম জমিতে ধান বুনতে গেলে তাঁর ভাতিজা মো. শাজাহান ও মো. বায়েজিদ বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ওই দুই ভাই ও তাঁদের মা মাজেদা বেগম আবুল কাশেমের ওপর হামলা চালান। একপর্যায়ে কাশেম মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে কাশেমের মেয়ে শেফালী ও তার বোন শিরীন ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরও লাঠিপেটা করা হয়। পরে এলাকাবাসী কাশেমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। গতকাল রোববার ময়নাতদন্ত শেষে তাঁর লাশ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর থেকে কাশেমের ওই দুই ভাতিজা পলাতক।টাঙ্গাইল: ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে কাজ করায় অপর প্রার্থীর সমর্থকেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জাহাঙ্গীরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।নিহত জাহাঙ্গীরের বাবা আবদুস সাত্তার জানান, জাহাঙ্গীর ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিন্টু তালুকদারের পক্ষে কাজ করতেন। এ কারণে অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার বিকেলে তাঁকে মারধর করেন। ওই দিন রাত আটটার দিকে জাহাঙ্গীর ভাইঘাট বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গত শনিবার বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী গ্রাম মধুপুর উপজেলার পালবাড়ির একটি ধানখেত থেকে পুলিশ তাঁর জবাই করা লাশ উদ্ধার করে। আবদুস সাত্তার গত শনিবার মধুপুর থানায় এ ঘটনায় মামলা করেন। তিনি অভিযোগ করেন, মামলায় কয়েকজনকে আসামি করতে চাইলেও পুলিশ তা করেনি। পুলিশ একটি এজাহার লিখে তাঁর স্বাক্ষর নেয়।অভিযোগ অস্বীকার করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, বাদীর বক্তব্য অনুযায়ী মামলা তালিকাভুক্ত করা হয়েছে।সিলেট: শহরতলীর খাদিমপাড়া এলাকার দক্ষিণ ইসলামপুরে শনিবার রাতে আবদুল মান্নান (৩৫) নামের এক রাজমিস্ত্রি খুন হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মান্নান ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর এক আত্মীয়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দুই সপ্তাহ আগে তিনি বাড়ি আসেন। শনিবার রাত ১০টায় তিনি বাড়ি থেকে বের হন। এর ঘণ্টাদেড়েক পর এলাকার নির্মাণাধীন একটি ভবনের ছাদে চিৎকার শুনে সেখানে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, লাশের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং ডান হাতের কবজি প্রায় অর্ধেক কাটা রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছোরা উদ্ধার করা হয়েছে।গতকাল সন্ধ্যায় সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।