ব্রাহ্মণপাড়ায় যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর জয়নাল আবেদিন (২১) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার বেজোরা গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। জয়নাল সিএনজিচালিত অটো-রিকশাচালক ছিলেন। তাঁর বাড়ি জেলার দেবীদ্বার উপজেলার জগন্নাথপুর গ্রামে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণপাড়ার সাইচাপাড়া গ্রামের ইকবাল হোসেনের সঙ্গে জয়নাল আবেদিন বেজোরা গ্রামের ফজলুল ফকিরের বাড়িতে যান। তাঁরা ফজলুল ফকিরের ভক্ত ছিলেন। ইকবাল বাড়িতে ফিরে গেলেও জয়নাল ওই বাড়িতে থেকে যান। পরদিন জয়নালের মুঠোফোন বন্ধ পেয়ে তাঁর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। তাঁরা ফজলুল ফকিরের বাড়িতে জয়নালকে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। গতকাল সকালে বেজোরার একটি খালে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে জয়নালের বাবা আবুল কাশেম ছেলের লাশ শনাক্ত করেন। জয়নালের পরিবার সূত্র জানায়, তিনি মৃগীরোগী ছিলেন। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া প্রথম আলোকে জানান, জয়নালের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এসআই মো. ইয়াহিয়া আরও জানান, জয়নালের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।