ব্রাহ্মণপাড়ায় সংঘর্ষে একজনের মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত জামাল হোসেন গতকাল শনিবার মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামে গত শুক্রবার ইউপি নির্বাচনের সদস্য প্রার্থী ছবির মিয়া ও মিজানুর রহমান সমর্থক মো. নুরুজ্জামান ও টুটুল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টুটুল নুরুজ্জামানকে মারধর করেন। খবর পেয়ে নুরুজ্জামানের ভাতিজা জামাল ঘটনাস্থলে উপস্থিত হন। টুটুল তাঁর মাথায়ও বাসের মুগুর দিয়ে আঘাত করেন। আহত জামালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সেখানে তাঁর মৃত্যু হয়।ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকতার মিয়া বলেন, এ ঘটনায় নুরুজ্জামান বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।