ব্রাহ্মণপাড়ায় সরকারি তারসহ দুজন গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশ উপজেলার সাহেবাবাদ ও টাকুই এলাকা থেকে গত মঙ্গলবার বিকেলে বৈদ্যুতিক ও টেলিফোনের তারসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে থানার উপপরিদর্শক ইকতার মিয়ার নেতৃত্বে উপজেলার নগরপাড় গ্রামের এক চালকলে অভিযান চালানো হয়। এ সময় চালকলের ভেতর থেকে অ্যালুমিনিয়ামের দুই গোছা বৈদ্যুতিক তারসহ আবদুল জাব্বারকে (৪৩) আটক করা হয়। পরে উপজেলার এক ভাঙারি দোকানে অভিযান চালিয়ে স্টিলের এক গোছা টেলিফোনের তার উদ্ধার করা হয়। এ সময় খোরশেদ আলম (৪০) নামে একজনকে আটক করে পুলিশ। সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে তারগুলো টেলিফোন ও বিদ্যুতের বলে নিশ্চিত হলে পুলিশ থানায় মামলা করে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া বলেন, আসামিদের বিরুদ্ধে চোরাই তার রাখার অভিযোগে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।