ব্রাহ্মণপাড়ায় সেতুর পাটাতন খুলে চার ঘণ্টা চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুরে গতকাল সোমবার একটি সেতুর পাটাতন খুলে যাওয়ায় প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে একটি গাড়ি যাওয়ার পর আগে থেকেই ক্ষতিগ্রস্ত ওই সেতুটির পাটাতন খুলে যায়। এরপর সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর দুই পাশে কমপক্ষে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন ও ট্রাকচালকদের সহযোগিতায় সেতুটি প্রাথমিকভাবে মেরামতের পর সকাল নয়টার দিকে আবার যান চলাচল শুরু হয়।মকিমপুরের আবুল কাশেম জানান, সেতুটির পাটাতন খুব পুরোনো। প্রতি মাসেই কমপক্ষে চার-পাঁচবার এর কোনো না কোনো পাটাতন খুলে যায়। ২৬ ডিসেম্বরও একটি পাটাতন খুলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কুমিল্লা সওজের বিভাগীয় কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, নতুন করে সেতুটি নির্মাণের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।