ব্রাহ্মণপাড়ায় ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল নয় ঘণ্টা বন্ধ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনের উত্তর আউট সিগন্যালে গত সোমবার রাতে ঢাকাগামী একটি কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রুটে নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রেলওয়ে সূত্র জানায়, শশীদল রেলস্টেশনের স্টেশনমাস্টার গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকাগামী একটি কনটেইনারবাহী ট্রেনকে স্টেশনে থামার জন্য সংকেত দেন। ট্রেনের চালক মো. ইব্রাহীম সংকেত অমান্য করে স্টেশন ত্যাগ করে উত্তর আউট সিগন্যালে পৌঁছার পর ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়। পরে লাকসাম ও আখাউড়া থেকে দুুটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ চালায়। সকাল সাড়ে নয়টায় প্রধান লাইন স্বাভাবিক হলে ট্রেন চলাচল আবার শুরু হয়।দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রুটে নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা শশীদল রেলস্টেশনে গিয়ে গতকাল মঙ্গলবার তদন্ত শুরু করেছেন। রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও উদ্ধারকাজ শেষ হতে আরও তিন দিন লেগে যাবে। শশীদল স্টেশনের স্টেশনমাস্টার নুরুল ইসলাম ও সহকারী স্টেশনমাস্টার জাহাঙ্গীর আলম বলেন, কনটেইনারবাহী ট্রেনটিকে স্টেশনে বিরতির জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রেনের চালক তা অমান্য করে স্টেশন ত্যাগ করেন। এতে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. মজিবর রহমান প্রথম আলোকে বলেন, তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ বের হয়ে আসবে। চালক সিগন্যাল অমান্য করায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আখাউড়া ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ট্রেন দুর্ঘটনার কারণে গতকাল আন্তনগর ট্রেনসহ আটটি ট্রেনের যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। যাত্রা বাতিল করা ট্রেনগুলো হচ্ছে—ঢাকা থেকে চট্টগ্রামগামী ৬৮ নং চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬৭ নং চট্টলা এক্সপ্রেস, ৭১৯ ও ৭২০ নং আপ-ডাউন আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস, ৪৫ ও ৪৬ নং আপ-ডাউন সমতট এক্সপ্রেস, ১৬১ ও ১৬২ নং আপ-ডাউন লোকাল ট্রেন।কসবা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ট্রেন দুর্ঘটনার কারণে সিলেট থেকে চট্টগ্রামগামী ৭২৪ ডাউন উদয়ন কসবা রেলস্টেশনে, ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭৪২ তূর্ণা নিশীথা ইমামবাড়ি রেলস্টেশনে, ঢাকা থেকে চট্টগ্রামগামী ২ ডাউন চট্টগ্রাম মেইল আখাউড়া স্টেশনে, ঢাকা থেকে নোয়াখালীগামী নোয়াখালী ১২ ডাউন এক্সপ্রেস আখাউড়া স্টেশনে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৭৪১ আপ তূর্ণা নিশীথা কুমিল্লা রেলস্টেশনে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেন কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।