কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল চাপায় আক্কাছ আলী (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে হোসেনপুর-নান্দাইল সড়কের আমান সরকার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় গত শুক্রবার ট্রাকের চাপায় কামাল খন্দকার (২৯) নামের এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হোসেনপুরে দুর্ঘটনায় নিহত আক্কাছের বাড়ি উপজেলার জগদল গ্রামে। বোরো ধানের চারা কিনতে সকালে তিনি আমান সরকার বাজারে যাচ্ছিলেন। সাড়ে ১০টার দিকে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়ায় নিহত কামাল খন্দকার (২৯) শহরের নিউ মৌড়াইল এলাকার মৃত ওয়ালী মিয়া খন্দকারের ছেলে।
ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মৌড়াইল এলাকার মদন মিয়ার ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামান খান (৩০) ও মেড্ডা এলাকার আবদুল মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কামাল, জামান ও রাশেদ মোটরসাইকেলে করে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। এ সময় মাছিহাতা ইউনিয়নের আলাকপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলচালক জামান আখাউড়ামুখী একটি ট্রাক দেখে হঠাৎ মোটরসাইকেল থামাতে গেলে কামাল পেছন থেকে ছিটকে রাস্তার মধ্যে পড়ে যান। জামান ও রাশেদ রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কামাল নিহত হন।