ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জামালপুরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত বৃহস্পতিবার মোশারফ হোসন নামের এক ব্যক্তিও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রফিকুল ইসলাম (৩৩) সদর উপজেলার নান্দিনা বাজার থেকে টেম্পোযোগে জামালপুর শহরে আসছিলেন। এ সময় শহরের বানারপাড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে টেম্পোটির সংঘর্ষ হয়। এ সময় টেম্পোটি রাস্তার পাশে একটি খাদে পড়ে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে বেলা দুইটার দিকে তিনি মারা যান। রফিকুল ইসলাম জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রণরামপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাঞ্ছারামপুর উপজেলায় মোশারফ হোসেন (২০) বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে ছলিমগঞ্জ থেকে দশদোনা আসার পথে হিজলাকান্দিতে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলা সদরের দশদোনা গ্রামে।