ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। হবিগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার ওই দুর্ঘটনাগুলো ঘটে।
ভাদুঘর এলাকায় নিহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক সদর উপজেলার রামরাইল গ্রামের শিপন মিয়া (২২), গোকর্ণ ঘাটের আমিনপুর এলাকার সজীব মিয়া (২২), নেত্রকোনার পূর্বধলা উপজেলার এরশাদ মিয়া (৩২) ও আনোয়ার হোসেন (২৫)। আহত দুজন হলেন নেত্রকোনার পূর্বধলার শামীম মিয়া (৩৫) ও মামুন মিয়া (৩২) তাঁদের গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন শ্যাম জানান, কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এর চালকসহ চারজন নিহত হন। স্থানীয় ব্যক্তিরা দ্রুত অটোরিকশার বাকি যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, নিহত ব্যক্তিরা সবাই মাথা, চোখ ও কপালে মারাত্মক আঘাত পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, স্থানীয় ব্যক্তিরা ট্রাকসহ এর চালক ও তাঁর সহকারীকে আটক করেছেন।
এদিকে হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ১২ জন আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হবিগঞ্জ শহর থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি পাইকপাড়ায় পৌঁছালে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পাশাপাশি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) ও এক তরুণ (৩০) প্রাণ হারান। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় নিহত দুই যাত্রীর লাশ উদ্ধার এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন জানান, সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁদের পরিচয় পাওয়া যায়নি।