ব্রাহ্মণবাড়িয়া বণিক সমিতির সভাপতিকে অপসারণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. ইলিয়াছ খানকে অপসারণ করা হয়েছে। সহসভাপতি তানজিল আহমেদকে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
শিল্প ও বণিক সমিতি সূত্র জানায়, ১ সেপ্টেম্বর সমিতির কার্যকরী পরিষদের সভায় ইলিয়াছ খানের বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয় এবং সর্বসম্মতভাবে তা গৃহীত হয়। ওই সভায় ইলিয়াছ খান নিজেই সভাপতিত্ব করছিলেন। এর পরই তানজিল আহমেদকে নতুন সভাপতি মনোনীত করা হয়।
সূত্র জানায়, গত বছরের ১৮ জুলাই নির্বাচনের মাধ্যমে জেলা শিল্প ও বণিক সমিতির কমিটি গঠিত হয়। দুই বছর মেয়াদি এই কমিটির এক বছর কার্যকালের মধ্যেই সভাপতিসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এর মধ্যে ভারতের বহুমুখী ভিসা-বাণিজ্য সবচেয়ে আলোচিত। এই ভিসা পেতে জেলা শিল্প ও বণিক সমিতির একটি সুপারিশপত্রের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা বাধ্যতামূলক নেওয়ার অভিযোগ ওঠে। এতে ভারতীয় দূতাবাসে জেলা শিল্প ও বণিক সমিতির ইমেজ সংকটে পড়ে।
মো. ইলিয়াছ খান তাঁর বিরুদ্ধে ১৩ জন পরিচালকের অনাস্থা প্রস্তাব দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘সমিতিতে আমার পক্ষে-বিপক্ষে অনেক লোক আছে। আমি এ নিয়ে মুখ খুলতে চাই না।’