ব্রাহ্মণবাড়িয়ায় উইমেন সাপোর্ট সেন্টারের উদ্বোধন
পারিবারিক ও সামাজিক নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা এবং আইনি সহায়তা প্রদানের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এর উদ্বোধন করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
উইমেন সাপোর্ট সেন্টারের সেবা পেতে হেল্পলাইন নম্বর ০১৭৮৬৪২৯০৪৩-তে যোগাযোগ করার জন্য পুলিশ অনুরোধ জানিয়েছে। এ ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নারীরা যেকোনো সমস্যা নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যেতে পারবেন। জেলার নারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাধ্যমে এ সেন্টারে নারীদের সেবা দেওয়া হবে।
মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য সমস্যা নিয়েই কাজ করবে এই সেন্টার। আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধান হলে মামলার চাপ কমে যাবে। জেলার সব থানার ওসিদের এসব বিষয়ে প্রথমেই মামলা না নিয়ে তাঁর কাছে পাঠাতে বলা হয়েছে। এ সেন্টার থেকে সাহায্য পেতে টাকাপয়সা লাগবে না। জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিষয়টি জানানো হবে।