ব্রাহ্মণবাড়িয়ায় গলা টিপে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তি গলা টিপে স্ত্রীকে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর নাম জেসমিন আক্তার (২৩)। তিনি ঢাকার ডেমরার কাজলা এলাকার মুসলিম মিয়ার মেয়ে। এ ঘটনায় স্বামী জিসান চৌধুরী ওরফে জিকুকে (২৬) পুলিশ গ্রেপ্তার করেছে।
এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিউলি আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে গত সোমবার রাতে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা হয়েছে। নিহত শিউলি আক্তারের বাবা মো. ইসমাইল হোসেন এই মামলা করেন। মামলায় শিউলির স্বামীসহ চারজনকে আসামি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শহর উপপরিদর্শক (টিএসআই) বেলাল হোসেন প্রথম আলোকে জানান, শহরের পাওয়ার হাউস সড়কসংলগ্ন নিউ মৌড়াইল এলাকার সানাউল্লাহ চৌধুরীর ছেলে জিসান চৌধুরী কাউতলী এলাকার মা মঞ্জিল নামের ১১৫৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। অপহরণসহ একাধিক মামলার আসামি মাদকাসক্ত জিসান পরকীয়ায় জড়িত বলে স্ত্রী জেসমিন প্রায়ই সন্দেহ করতেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল। এসবের জের ধরেই তিনি (জিসান) জেসমিনকে হত্যা করেন। জিসানের বরাত দিয়ে টিএসআই বেলাল হোসেন জানান, গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে জিসান স্ত্রী আঁখিকে হত্যা করে নিজেই মুঠোফোনে পুলিশকে খবর দেন।
গতকাল সন্ধ্যায় জেসমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জিসান সাংবাদিকদের জানান, ২০০৯ সালের ৩ এপ্রিল পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। এরপর তাঁদের একটি অটিস্টিক পুত্রসন্তান জন্ম নেয়। তখন পরিবার থেকে তাঁকে বিতাড়িত করা হয়। পরে তিনি কাউতলী এলাকায় ভাড়া বাসায় ওঠেন। জিসান বলেন, ‘আমি পরকীয়ায় জড়িত নই। তবে নিয়মিত ইয়াবা সেবন করি। আমার স্ত্রী পরকীয়ার অভিযোগ এনে একাধিকবার শ্বশুরবাড়িতে সালিস বসায়। এর পর থেকেই স্ত্রীর প্রতি আমার জিদ চাপে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব প্রথম আলোকে জানান, জিসান নিজেই স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে গ্রেপ্তার করে থানার হাজতে রাখা হয়েছে। ব্রাহ্মণপাড়ার মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার গোপালনগর গ্রামের কামরুল হাসানের সঙ্গে টাকুই গ্রামের শিউলি আক্তারের পাঁচ বছর আগে বিয়ে হয়। তাঁদের পারভেজ নামে তিন বছরের একটি ছেলে রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সোমবার সকাল ১০টায় কামরুল ফোন করে শিউলির বাবাকে জানান, শিউলি কোনো খাবার খাচ্ছেন না। তখন তিনি বাড়ি থেকে মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার প্রস্তুতি নেন। কিছুক্ষণ পর ফোন করে কামরুল জানান, চিকিৎসার জন্য শিউলিকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তিনি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেখতে পান, শিউলি মেঝেতে পড়ে আছেন। চিকিৎসকের কাছে জানতে চাইলে শিউলি মারা গেছেন বলে জানানো হয়। তখন সেখানে শিউলির শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি। ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে। শিউলির বাবা মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ থানার পরিদর্শক (তদন্ত) মফজল আহমদ খান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।