ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে ঠিকাদার নিহত
ইজিবাইকের ভাড়া চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে বাদশাহ আহমেদ (৪০) নামের এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
গত শুক্রবার বিকেলে শহরের পৈরতলা ও সরকারপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার জের ধরে সরকারপাড়া ও কাজীপাড়ার লোকজন শুক্রবার সন্ধ্যায় পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় অন্তত ১০টি দোকানে আগুন ধরিয়ে দেন ও লুটপাট চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইকের ভাড়া নিয়ে ওই মহল্লার বাসিন্দা সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ওবায়েদ হোসেন ও তাঁর সহযোগী শওকতসহ আরও কয়েকজনের সঙ্গে সরকারপাড়ার বাসিন্দা এক ইজিবাইক চালকের বাগিবতণ্ডা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় মহল্লার বাসিন্দারা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পৈরতলা এলাকার লোকজন সরকারপাড়ার বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেন। সংঘর্ষের একপর্যায়ে ওবায়েদ গুলি ছুড়লে সরকারপাড়ার বাসিন্দা বাদশাহ গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, বাদশাহর বাঁ চোখের নিচে গুলি লেগেছিল। সন্ধ্যায় সরকারপাড়া ও কাজীপাড়ার বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় সোহাগ বাস কাউন্টারসহ অন্তত ১০টি দোকান জ্বালিয়ে দেন এবং লুটপাট করেন।
রাত ১০টার দিকে নিহত বাদশাহর লাশ সরকারপাড়ায় পৌঁছালে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তা ছাড়া সরকারপাড়া, কাজীপাড়া ও প্রতিপক্ষ পৈরতলা এলাকার বাসিন্দারা সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রস্তুতি নেওয়ায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাদশাহ আহমেদের বড় ভাই পুলিশ কর্মকর্তা নোমান আহমেদ জানান, এ ঘটনায় ওবায়েদ ও শওকতসহ তাঁদের অন্য সহযোগীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। একই কথা জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক বেলাল হোসেন।