ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা বন্দোবস্ত বাতিল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা খালপাড়ের জায়গার বন্দোবস্ত বাতিলের দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খালপাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
খালপাড় এলাকার হকার্স মার্কেট, সড়ক বাজার, টান বাজার, মসজিদ রোড, ছাতিপট্টি, লাখিবাজার, কেদাস মোড়, ডা. ফরিদুল হুদা রোড ও আনন্দ বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন। পরে ব্যবসায়ীরা কালীবাড়ি মোড় এলাকায় সমাবেশ করেন।
মানববন্ধনে ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ীদের বাঁচাতে হলে এই বন্দোবস্ত বাতিল করতে হবে। এখানে দোকান হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ, এ জায়গায় ট্রাক রেখে পণ্য ওঠানো-নামানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আজিজুল হক জানান, ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও জেলা পরিষদ অবৈধভাবে খালপাড়ের জায়গাটি বস্তোবস্ত দিয়েছে। দ্রুত বন্দোবস্ত বাতিল না করলে ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামবেন। তিনি আরও জানান, জায়গাটি বন্দোবস্ত না দেওয়ার বিষয়ে তাঁরা এলজিআরডিমন্ত্রী, জেলা প্রশাসক ও পরিষদের কাছে আবেদন করেন। স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকেও বিষয়টি জানিয়েছেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ নভেম্বর সিএস দাগ ২০৬২-এর ওই জায়গাটি প্লট আকারে একসনা (এক বছরের জন্য) বন্দোবস্ত পেতে ২০ জন আবেদন করেন। তাঁদের আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এর তদন্ত করে জায়গাটি বন্দোবস্তের অনুমতি দেওয়া হয়। ১৪ জানুয়ারি পরিষদের সাবেক নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান স্বাক্ষরিত দরপত্রটি দৈনিক জনতার সংবাদ ও নামসর্বস্ব একটি স্থানীয় পত্রিকায় ছাপা হয়। কিন্তু এমন পত্রিকা ও বিজ্ঞাপন কেউ দেখেনি বলে অভিযোগ রয়েছে। ওই বিজ্ঞপ্তিতে দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি ও দরপত্র জমাদানের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়।
খালপাড়ের ১ হাজার ৬০০ বর্গফুটের ওই জায়গাটি বন্দোবস্তের বিষয়ে ১১ ফেব্রুয়ারি জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে আপত্তি জানানো হয়। ওই বৈঠকে বলা হয়, এতে খালপাড়, জগৎ বাজার, টান বাজার, সড়ক বাজার ও হকার্স মার্কেটের পাইকারি ব্যবসায়ীদের পণ্য পরিবহন বাধাগ্রস্ত হবে এবং ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হবে।
এ বিষয়ে জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী আবদুল মান্নান বলেন, দরপত্র বিজ্ঞপ্তি বহুল প্রচারিত পত্রিকায় দেওয়ার কথা। নিয়ম অনুযায়ী সব হয়েছে।
পৌর মেয়র হেলাল উদ্দিন খালপাড়ের জায়গা বস্তোবস্তের প্রতিবাদ জানিয়ে জানান, সেখানে কোনো প্লট বরাদ্দ দিলে ব্যবসায়ীদের অসুবিধা হবে। ব্যবসায়ীদের পক্ষে তাঁর সমর্থন রয়েছে বলে তিনি জানান।
একাধিকবার চেষ্টার পরও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমদাদুল বারীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।