ব্রাহ্মণবাড়িয়ায় তিন মিনিটে লন্ডভন্ড তিন গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দুটি গ্রাম ও পার্শ্ববর্তী নবীনগর উপজেলার একটি গ্রামের ওপর দিয়ে গতকাল বুধবার টর্নেডো বয়ে গেছে। মাত্র তিন মিনিটের এই টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে গ্রামগুলো। বিধ্বস্ত হয়েছে কয়েক শ বাড়িঘর। আহত হয়েছে তিন শতাধিক লোক। উপড়ে গেছে বিদ্যুতের লাইন ও বহু গাছপালা।এ সময় বজ্রপাতে নবীনগরে মারা গেছেন দুজন। গতকাল দেশের আরও কয়েকটি স্থানে কালবৈশাখীতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর:ব্রাহ্মণবাড়িয়া: কসবার নেয়ামতপুরসহ আশপাশের তিনটি গ্রামে বেলা ১১টায় ওই টর্নেডো আঘাত হানে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, এতে সাত-আট শ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক লোক। স্থানীয় নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী স্বাস্থ্যশিবির স্থাপন করা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের জেলার সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, কসবার নেয়ামতপুর ও চন্দ্রপুর এবং নবীনগরের কোনাউর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর স্থায়িত্ব ছিল তিন মিনিট। টর্নেডো শেষে দুপুরে উপজেলার বিনাউটি ও গাববাড়ি গ্রামে কালবৈশাখীতে ১০টি ঘর বিধ্বস্ত হয়। বিনাউটির হারুনুর রশিদ খান উচ্চবিদ্যালয়ের টিনের চালা উড়ে গিয়ে ছয় শিক্ষার্থী ও একজন শিক্ষক আহত হন। টর্নেডোয় প্রায় দুই কিলোমিটার এলাকার বিদ্যুৎ লাইন বিধ্বস্ত হয়েছে। বিকল হয়েছে দুটি ট্রান্সফরমার। বিদ্যুৎ লাইন মেরামত করতে অন্তত তিন-চার দিন লাগবে বলে জানিয়েছেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান।জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফার নেতৃত্বে নেয়ামতপুর প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী স্বাস্থ্যশিবির বসানো হয়েছে। শিবিরে ইতিমধ্যে শতাধিক আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা উপড়ে পড়া বিদ্যুতের খুঁটি ও গাছপালা অপসারণসহ বিভিন্ন কাজে এলাকায় সহযোগিতা করছেন।

অশীতিপর সিরাজ মিয়া বলেন, ‘এত বড় দুর্যোগ আগে আমি দেখিনি। কয়েক মিনিটের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। টিনের সাতটি বসতঘর ও দুটি দোকান বিধ্বস্ত হয়েছে। মালামাল রাখা দূরের কথা, কোথাও দাঁড়ানোরই জায়গা নেই।’ স্থানীয় তাহের মিয়ার স্ত্রী বলেন, ‘আট ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। চাল, চুলা কিছু নেই।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, উপজেলা পরিষদ থেকে দুর্গত ব্যক্তি ও পরিবারগুলোকে আরও সাহায্য দেওয়া হবে।

ইউএনও বলেন, ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২০ কেজি চাল এবং গুরুতর আহত ব্যক্তিদের তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে।

নবীনগর প্রতিনিধি জানান, ঝড়ের সময় বজ্রপাতে উপজেলার বিদ্যাকুট গ্রামের বাছির মিয়া (৩৫) ও মিরপুর গ্রামের সাফিয়া খাতুন (৫০) মারা গেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিম উদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জিয়াউল হক বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কিছু অর্থ সাহায্য দেওয়া হয়েছে। সম্পূর্ণ তালিকা পাওয়ার পর সরকারিভাবে সহযোগিতা দেওয়া হবে।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙ্গুনিয়ায় গতকাল দুপুরে কালবৈশাখীর সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশের বিভিন্ন প্রজাতির ২৫টি গাছ উপড়ে গেছে। এতে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দক্ষিণে রাঙ্গুনিয়া কলেজ বিল এবং উত্তরে গুমাইবিলের প্রায় ২০০ একর জমির পাকা বোরো ধান মাটিতে মিশে গেছে।

 অষ্টগ্রাম (কিশোরগঞ্জ): কালবৈশাখীতে গতকাল সকালে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উড়ে গেছে স্থানীয় তাহেরাবাদ হাফেজিয়া মাদ্রাসার ছাদ। আহত হয়েছেন অন্তত আটজন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সায়িদ আহমেদ বলেন, ঝড়ে বেশ কিছু পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

গজারিয়া (মুন্সিগঞ্জ): উপজেলায় গতকাল বিকেলে কালবৈশাখীতে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক গাছ ভেঙে পড়লে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে সাতটার পর যানবাহন চলাচল আবার শুরু হয়। ভবেরচর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জয়নাল আবেদীন এ খবর নিশ্চিত করেছেন। ঝড়ের সময় বজ্রপাতে হোসেনদী এলাকায় সজল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। বজ্রপাতে আহত হন কাউনিয়াকান্দি গ্রামের রাজিয়া সুলতানা (২০)। এদিকে, ঝড়ে আড়ালিয়া গ্রামের ১৫টি ঘর উড়ে গিয়ে কাছের মেঘনা নদীতে গিয়ে পড়ে।