ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষে সংঘর্ষ, নিহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ও বিকেলে দুই দফায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মৃত সোবহান মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৫০) এবং মোসলেম মেম্বারের ছেলে শামসুল ইসলাম (৪০)। গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া অন্তত ৩০ জনকে জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহত ইসমাইলের মাথা ও শামসুলের মুখমণ্ডলে টেঁটার আঘাত ছিল। এর মধ্যে ইসমাইল বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেনের পক্ষের এবং শামসুল সাবেক চেয়ারম্যান আবদুল হাইয়ের পক্ষের সমর্থক।
স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান প্রথম আলোকে জানান, দীর্ঘদিন ধরে সাদেকপুর গ্রামের বর্তমান চেয়ারম্যান মোল্লা গোষ্ঠীর ইকবাল হোসেন ও সাবেক চেয়ারম্যান জোয়াইল্লা গোষ্ঠীর আবদুল হাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে দুই পক্ষের তিন শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে ৩০টি কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই ঘটনার জের ধরে বেলা তিনটার দিকে আবারও শতাধিক লোক ব্যাপক সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের দুজন নিহত হন। এ ছাড়া গুরুতর আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব প্রথম আলোকে জানান, সাদেকপুর গ্রামে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে গ্রামে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।