ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ছয়বাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। আজ বেলা ১১টার দিকে গোকর্ণ ও ছয়বাড়িয়া মহল্লার দুই অটোরিকশার চালকের মধ্যে হাতাহাতির জের ধরে এ সংঘর্ষ হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শহরের কালীবাড়ি মোড়ে অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে ছয়বাড়িয়া গ্রামের চালক নায়েব মিয়া (৩২) ও গোকর্ণ গ্রামের চালক মোর্শেদ মিয়ার (৩৫) মধ্যে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। মোর্শেদ মুঠোফোনে এ খবর গোকর্ণ গ্রামে জানানোর পর গোকর্ণ ও পার্শ্ববর্তী আমিনপুর গ্রামের বাসিন্দারা টেঁটা, বল্লম, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছয়বাড়িয়া গ্রামে অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থামানোর চেষ্টা করলে তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। সংঘর্ষে টেঁটার আঘাতে রাসেল মিয়া ও জলিল মিয়া নামের দুই পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন। এ ছাড়া ইটপাটকেলের আঘাতে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ আলম বকাউল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ও শহর উপরিদর্শক (টিএসআই) মো. বেলাল হোসেন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এ সময় ব্যাপক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল  ছোড়ে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।