ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী খুনের ঘটনায় মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রহমান (২৯) নামের এক প্রবাসী খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহত ব্যক্তির বাবা ফজলুর রহমান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত মাহবুবুর রহমানের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে। দুই মাস আগে তিনি সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসেন। তাঁকে হত্যার ঘটনায় হওয়া মামলায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার ইসরাত জাহান (২৫), তাঁর মা হোসনে আরা বেগম (৪০) ও বাবা আবুল হোসেনকে (৫০) আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইসরাতের সঙ্গে মাহবুবুরের প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু ইসরাতের পরিবার এ সম্পর্ক মেনে নিতে পারেনি। তাই ইসরাতের পরিবারের লোকজন পরিকল্পনা করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় ডেকে এনে লোকজন দিয়ে মাহবুবুরকে মারধর করেন। এতে মাহবুবুর অসুস্থ হয়ে পড়লে ইসরাত ও তাঁর পরিবারের লোকজন তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে মাহবুবুরের মৃত্যু হয়।