ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বাসের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মো. খোকন (২১)। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরের নাছিরপুর এলাকার মির্জা আলীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মোটরসাইকেল নিয়ে খোকন এবং একই এলাকার জীবন সূত্রধরের ছেলে মুন্না সূত্রধর (২৪) বাড়ি থেকে বের হন। তাঁরা পাওনা টাকা আনতে সদর উপজেলার সুততানপুর ইউনিয়নের রামরাইলের দিকে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দিকে যাচ্ছিল। কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর এলাকায় এলে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে খোকন মারা যান এবং মুন্না সূত্রধর আহত হন। স্থানীয় লোকজন মুন্নাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠায়। পুলিশ বাসটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুর্ঘটনায় একজন মারা গেছেন। বাসটি আটক করেছে পুলিশ।