ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের নির্যাতনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহনূর আলমের (৪৩) মৃত্যু হয়েছে, এমন অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে করা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (নবীনগর) নাজমুন নাহার আজ বুধবার দুপুরে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেন।
নিহত শাহনূরের ছোট ভাই মেহেদী হাসান বাদী হয়ে ১ জুন মামলাটি করেন।

মামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিক, র‌্যাব-১৪-এর উপপরিদর্শক (এসআই) এনামুল হক, নবীনগরের কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলাম, উপজেলার সদরের আবু তাহের ও র‌্যাবের অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে বিচারিক হাকিম মামলার অভিযোগ পর্যালোচনা করেছেন। পরে বাদীপক্ষের কৌঁসুলিদের বক্তব্য শুনে গুরুত্ব বিবেচনা করে মামলাটি লিপিবদ্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন আদালত।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের একটি দল উপজেলার বগডহর গ্রাম থেকে শাহনূরকে চোখ ও মুখ বেঁধে ক্যাম্পে নিয়ে যায়।

সেখানে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম শাকিব সিদ্দিক শাহনূরকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করেন। নির্যাতনের একপর্যায়ে শাহনূর জ্ঞান হারান। পরদিন সকালে জ্ঞান ফিরলে তাঁকে নবীনগর থানায় আনা হয়। আবু তাহেরকে থানায় ডেকে এনে শাহনূরের বিরুদ্ধে মামলা করায় র‌্যাব। পরে শাহনূরকে কারাগারে পাঠানো হয়। সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে গত ৪ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার আরও অবনতি হলে ওই দিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৬ মে রাতে তিনি মারা যান।

বাদীপক্ষের প্রধান আইনজীবী খায়রুল আনাম প্রথম আলোকে বলেন, ‘র‌্যাব-১৪-এর অধিনায়ককে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে মামলাটি করেছেন। আদালত নবীনগর থানার ওসিকে মামলা গ্রহণ করে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।’

কয়েক মাস ধরে নবীনগর উপজেলা সদরে ‘চিরকুট’ পাঠিয়ে একাধিক বাড়িতে চাঁদা দাবি ও বিভিন্ন বাড়িতে আগুন দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহনূরকে ২৯ এপ্রিল গ্রেপ্তার করে র‌্যাব। তাঁকে গ্রেপ্তার, ক্যাম্পে নিয়ে নির্যাতন ও হত্যা করা হয়েছে—এই অভিযোগ এনে এর প্রতিবাদে শাহনূরকে পরিবারের পক্ষ থেকে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।