বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব অধ্যক্ষ শাহজাহান আলম ও তাঁর স্ত্রী রোকসানা বেগমের বিরুদ্ধে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে প্রতারণা ও মানহানির অভিযোগে মামলা করেছেন আশুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাদেকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার তাঁদের আগামী ৭ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। শাহজাহান আশুগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু কারিগরি কলেজের অধ্যক্ষ।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শাহজাহান আলমের লেখা শেকড়ের সন্ধানে বইয়ে আশুগঞ্জ প্রেসক্লাবের ইতিহাস নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়।
মামলা এজাহার সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে সেলিম পারভেজকে আহ্বায়ক করে আশুগঞ্জ প্রেসক্লাবে প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১৯৯৫ সালে মিজানুর রহমান নামে স্থানীয় এক সাংবাদিককে সভাপতি ও সেলিম পারভেজকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ বছরের জুন মাসে শাহজাহান আলম তাঁর স্ত্রী রোকসানা বেগমকে প্রকাশক করে শেকড়ের সন্ধানে নামে ওই বই প্রকাশ করেন। ওই বইয়ের ৫৬ পৃষ্ঠায় শাহজাহান আলম আশুগঞ্জ প্রেসক্লাব ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় বলে উল্লেখ করেন। বইয়ের ২২১ পৃষ্ঠায় তিনি নিজেকে আশুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও উল্লেখ করেন। ১৯৮৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন বলে ওই বইয়ে তিনি উল্লেখ করেন। বইটিতে তিনি আরও উল্লেখ করেন, বইটি লেখার সময় যমুনা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সমকাল-এর আশুগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন ও দৈনিক সংগ্রাম-এর আশুগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হক তাঁকে সক্রিয় সহযোগিতা করেছেন।
তবে শফিকুল, আনোয়ার ও মোজাম্মেল জানান, বইটি লেখার সময় তাঁরা শাহজাহানকে কোনো সহযোগিতা করেননি ও তাঁরা বইটির প্রকাশনা সম্পর্কে কিছুই জানেন না।
এ ব্যাপারে অধ্যক্ষ শাহজাহান আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বইটিতে যা লেখা হয়েছে, তা শতভাগ সত্য। তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমি আইনিভাবে বিষয়টি নিয়ে লড়াই করব।’