ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম নগরে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে হামলা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ওপর হামলা বাঙালি সংস্কৃতি ও চেতনার ওপর আঘাত হানার শামিল। স্বাধীনতাবিরোধী উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সভাপতি হাসিনা জাকারিয়া ও সাধারণ সম্পাদক দীপেন চৌধুরী। এ সময় শিল্পী শ্রেয়সী রায়, স্বপ্নময় চক্রবর্তী, লাকী দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।