ব্রাহ্মণবাড়িয়ার সেই শিক্ষককে অবশেষে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য, প্রাইভেট পড়তে ও সাজেশন নিতে বাধ্য করার ঘটনায় অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হায়াত মাহমুদকে বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গত বৃহস্পতিবার তাঁকে বদলির আদেশ দেয়।
অধিদপ্তরের আদেশে বলা হয়, হায়াত মাহমুদকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে ৭ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থল পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজে যোগ দিতে হবে।
এর আগে গত শনিবার কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রীরা হায়াত মাহমুদ ও ব্যবস্থাপনা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এনামুর রশিদের অপসারণ দাবি করে শহরে ও কলেজ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করে। এরপর কলেজ কর্তৃপক্ষ এনামুর রশিদকে অপসারণ করলেও হায়াত মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ পরিপ্রেক্ষিতে পুনরায় বুধবার বিক্ষোভ ও সমাবেশ করে ছাত্রীরা। বৃহস্পতিবার তাঁকে বদলি করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন জানান, ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে হায়াত মাহমুদকে আপাতত সরিয়ে নেওয়া হয়েছে।