ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চায় আহলে সুন্নাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও মন্দির ভাঙচুরের পেছনে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটি। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি তুলেছেন সংগঠনের নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন, মাওলানা স উ ম আবদুস সামাদ, মাওলানা এম এ মান্নান প্রমুখ। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি এবং ইসলামের শান্তির বাণী সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ১২ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের পক্ষে মহাসমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে।
সংগঠনের নেতারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম অবমাননার পেছনে পরিকল্পিত চক্রান্ত থাকতে পারে। এতে ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভ করতেই পারেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের কঠিন শাস্তি দিতে হবে। আবার একজনের অপরাধে যেসব দুষ্কৃতকারী একটি সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে সম্প্রীতি নষ্ট করেছে, তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি গোষ্ঠী চক্রান্ত করছে। ইসলাম শান্তির ধর্ম, এখানে উগ্রবাদের কোনো স্থান নেই। শান্তি ও উদারতার বিষয়ে প্রাধান্য দিয়ে ইসলামের মূলধারার বক্তব্যগুলোকে বেশি করে প্রচারের ব্যবস্থা করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার বিষয়টির সঙ্গে নব্য সন্ত্রাসবাদের যোগসাজশ থাকতে পারে। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।