ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের বিরুদ্ধে আরও একটি জিডি
নিয়োগ-বাণিজ্যের অভিযোগ এনে এবং ঘুষের টাকা ফেরত চেয়ে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (বর্তমানে ওএসডি) নারায়ণ চন্দ্র দাসের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আরও একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
গত সোমবার রাতে এই জিডি করেন দারোয়ান পদে চাকরিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আবুল কাসেমের ছেলে বিল্লাল মিয়া। এ নিয়ে নারায়ণ চন্দ্র দাসসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে তিনটি জিডি হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, চাকরি দেওয়ার কথা বলে গত ১৮ মে ব্রাহ্মণবাড়িয়ার নারায়ণ চন্দ্র দাস ও সিভিল সার্জন অফিসের স্টোরকিপার মো. হাবিবুর রহমান তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নেন। চাকরি না হওয়ায় গত রোববার টাকা ফেরত চাইতে যান। পরদিন সোমাবার টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু পরদিন টাকা ফেরত আনতে গিয়ে তাঁর মতো আরও অনেককে সিভিল সার্জনের বাসভবনে দেখতে পান। একপর্যায়ে পুলিশের প্রহরায় নারায়ণ চন্দ্র দাস বাসভবন ত্যাগ করেন।
তবে পুলিশের পক্ষ থেকে নারায়ণ চন্দ্র দাসকে প্রহরা দেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। সদর থানার এসআই বেলাল হোসেন বলেন, সিভিল সার্জনের বাসভবনের কাছ থেকেই দুজন ছিনতাইকারীকে আটক করা হয়। লোকজন দেখে পুলিশ সেখানে এগিয়ে যায়। এ সময় সিভিল সার্জন তাঁর বাসা থেকে বের হয়ে যান।
নিয়োগ নিয়ে বাণিজ্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাসকে গত সোমবার ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা থানায় তাঁর বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়। এসব অভিযোগ তদন্তের জন্য দুদকে পাঠিয়েছে পুলিশ।
নারায়ণ চন্দ্র দাসকে গ্রেপ্তারের দাবিতে গত রোববার কসবায় সমাবেশ হয়েছে।