ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবে বন্ধুদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা নতুন যৌবনের দূত’—এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বন্ধুসভার বন্ধু উৎসব৷ জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সকাল সাড়ে ১০টা থেকে উৎসব শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়৷
সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং বন্ধুসভার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়৷ উৎসবের পার্টনার ওয়ালটনের পক্ষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মিলটন আহমেদ বন্ধুসভার পতাকা উত্তোলন করেন৷ আরেক পার্টনার ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জাতীয় পতাকা উত্তোলন করেন৷
উৎসবে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভৈরব, নরসিংদী, কুমিল্লা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাঞ্ছারামপুর, নবীনগর, কসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ বন্ধুসভার সদস্যরা অংশ নেন৷
উদ্বোধন শেষে ১৩টি বন্ধুসভার চার শতাধিক বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জড়ো হন৷ সেখানে বিকেল পর্যন্ত আনন্দ উৎসব চলে৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সাবেক সভাপতি শাহীন মৃধা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ শাখা বন্ধুসভার সভাপতি শাহনাজ জাহান ও বন্ধু জান্নাতুল বুশরা৷ উৎসবে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ওমর ফারুক, ঢাকা মহানগর বন্ধুসভার তাপস কুমার, আশিকুর রহমান ও রবিউল ইসলাম উপস্থিত ছিলেন৷