ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ আকলিমা হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গৃহবধূ আকলিমা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং তাঁদের শাস্তি দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকাবাসী।
মানববন্ধনে কয়েক শ নারী ও পুরুষ অংশ নেন। এতে ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা কৃষক লীগের সহসভাপতি নাছিমা চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তৃতা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আকলিমা হত্যার ঘটনায় মামলা দায়েরের পর চার মাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে শহরের পূর্ব মেড্ডা এলাকাবাসীর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে সরাইলের উচালিয়াপাড়ার তৈয়ব উদ্দিন মুন্সির ছেলে হেলাল উদ্দিনের সঙ্গে আকলিমার বিয়ে হয়। গত ১৬ এপ্রিল যৌতুকের ১০ লাখ টাকা না পেয়ে আকলিমাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় পরদিন ১৭ এপ্রিল নিহত আকলিমার বড় ভাই আক্তার মিয়া বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় হেলাল, তাঁর ভাই জুয়েল উদ্দিন, জয়নাল উদ্দিন, জিয়া উদ্দিনসহ আটজনকে আসামি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আকলিমা হত্যার ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, সে বিষয়টি স্পষ্ট নয়। মেয়েটি শ্বশুরবাড়িতে মারা গেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।