ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য শাশুড়ি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্য মেড্ডা এলাকায় শারমিন আক্তার (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে তিনি মারা যান। এ ঘটনায় গৃহবধূর শাশুড়ি আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। শারমিন সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের ছোট হরন এলাকার আজহার মিয়ার মেয়ে।
নিহতের পারিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, সাড়ে তিন বছর আগে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি এলাকার আলী আহমেদের ছেলে রাজমিস্ত্রি শফিকুল ইসলামের সঙ্গে শারমিনের বিয়ে হয়। ছয় মাস আগে শফিকুল তাঁর বাবা-মা ও স্ত্রীকে নিয়ে মধ্য মেড্ডা এলাকার একটি বাড়ির দুটি ঘর ভাড়া নিয়ে ওঠেন।
গতকাল সকালে প্রতিবেশীরা একটি ঘরের বিছানায় শারমিনের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর স্বামী ও শ্বশুর বাড়িতে ছিলেন না। বউ ঘুমিয়ে আছে শাশুড়ি ভেবেছিলেন বলে প্রতিবেশীদের জানান। দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
শারমিনের মা মেহেরা বেগম বলেন, গত মঙ্গলবার রাতে শফিকুল তাঁকে মুঠোফোনে শারমিন অসুস্থ বলে জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, শফিকুল প্রায়ই তাঁর মেয়েকে মারতেন।
মামলার তদন্ত কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক মো. সামসুজ্জামান বলেন, শারমিনের গলায় রশির দাগ রয়েছে। মেহেরা বেগম শফিকুলকে প্রধান করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। শফিকুলের মাকে গ্রেপ্তার করা হয়েছে।