ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া মাথার শিশুর জন্ম
ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে এক গৃহবধূ দুই মাথাবিশিষ্ট (জোড়া মাথা) কন্যাশিশুর জন্ম দিয়েছেন। গত বুধবার শিশুটির জন্ম হয়।
শিশুটির বাবা জামাল উদ্দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা। তিনি কৃষিকাজ করেন। ১০ বছর আগে জামালের সঙ্গে ফেরদৌসা বেগমের বিয়ে হয়। তাঁদের চার বছর ও আড়াই বছর বয়সের দুটি মেয়ে রয়েছে। প্রসবজনিত ব্যথা উঠলে গত বুধবার বেলা আড়াইটার দিকে ফেরদৌসাকে শহরের লোকনাথ ট্যাংকের পাড় এলাকার স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথকেয়ারে আনা হয়। সন্ধ্যা ছয়টার দিকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হালিমা নাজনীন অস্ত্রোপচার করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কন্যা শিশুটির জন্ম হয়।
হালিমা নাজনীন প্রথম আলোকে বলেন, সাধারণত জন্মের এক মিনিটের মধ্যে শিশু কান্না করে। কিন্তু ওই শিশুটি প্রায় দুই মিনিট পরে কান্না করেছিল। এমন হলে অনেক সময় শিশুদের মস্তিষ্কে সমস্যা দেখা দিতে পারে। শিশুটির জোড়া মাথা ছাড়া বাকি সবকিছুই স্বাভাবিক রয়েছে। তিনি জানান, শিশুটির বাকি চিকিৎসা এখানে সম্ভব নয়।