ব্রাহ্মণবাড়িয়ায় বাস ধর্মঘট, দুর্ভোগ
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বাস ধর্মঘট হয়। জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। এতে বাসযাত্রীরা দুর্ভোগে পড়েন।
তবে রাত ১০ টায় জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া জানান, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ সূত্র জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক সংস্কার, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া-সিলেট মহাসড়কে চালকদের লাইসেন্স প্রদান এবং এসব মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ধর্মঘটের কারণে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-সিলেট মহাসড়কে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল। গতকাল পৌর শহরের ভাদুঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পৈরতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে প্রায় পাঁচ হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।
পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী নাজিম উদ্দিন, আলী ইমাম ও ফেরদৌস আহমেদ জানান, তাঁদের ঢাকায় যাওয়া জরুরি। একদিকে মালিক সমিতির বাস ধর্মঘট, অন্যদিকে ট্রেনের টিকিট নেই, এ কারণে ঢাকায় যাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
সরেজমিনে সকাল ৭টা, দুপুর ১২টা, বেলা ১টা ও ২টার দিকে ভাদুঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল, পৈরতলা বাসস্ট্যান্ড, মেড্ডা বাসস্ট্যান্ড ও কাউতলী মোড় এলাকায় গিয়ে দেখা গেছে, এসব জায়গা থেকে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকার উদ্দেশে বিআরটিসি পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবা, কুটি চৌমুহনী, আখাউড়া স্থলবন্দর, আশুগঞ্জ ও মাধবপুর আঞ্চলিক সড়কেও কোনো লোকাল বাস চলাচল করেনি। তবে এসব সড়কে সিএনজিচালিত অটোরিকশা, বিআরটিসির বাস ও ট্রাক চলাচল করতে দেখা গেছে।
ঢাকাগামী কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস নেই কিন্তু যেতে তো হবেই। প্রয়োজনে ভেঙে ভেঙে যেতে হবে। প্রথমে পৈরতলা থেকে সরাইল বিশ্বরোড যেতে হবে। সেখানে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসই ভরসা। প্রশাসনের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। গতকাল রাতে প্রশাসনের সঙ্গে অামাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) শফিকুল ইসলাম গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মুঠোফোনে জানান, এ নিয়ে সন্ধ্যায় (গতকাল) জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতির লোকজনের সঙ্গে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা আলোচনায় বসেন।
জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন রাত আটটায় জানান, আলোচনার পর সংগ্রাম পরিষদের নেতারা বাস ধর্মঘট প্রত্যাহার করতে রাজি হয়েছেন। জেলা প্রশাসক আরও জানান, জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মহাসড়ক থেকে তিন চাকা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগকে সড়ক সংস্কারের জন্য বলা হয়েছে।