ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের বিরুদ্ধে মামলা নিতে নির্দেশ আদালতের
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভৈরব ক্যাম্পের অধিনায়কের বিরুদ্ধে হত্যা মামলা নিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালত৷ গতকাল বুধবার এই নির্দেশ েদওয়া হয়৷
নবীনগরের বগডহর গ্রামের শাহনূর আলমকে (৪৩) নির্যাতন করে হত্যার অভিযোগে র্যাবের বিরুদ্ধে মামলা করতে গত রোববার আদালতের দ্বারস্থ হন তাঁর ভাই মেহেদী হাসান৷ এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার গতকাল অধিকতর শুনানি শেষে মামলা গ্রহণ করতে নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন৷
মামলায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে৷ এ ছাড়া র্যাব-১৪-এর উপপরিদর্শক (এসআই) এনামুল হক, নবীনগরের কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলাম ও উপজেলা সদরের আবু তাহেরের (যিনি শাহনূরের বিরুদ্ধে মামলা করেছিলেন) নাম উল্লেখসহ র্যাবের অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১৪-এর একটি দল বগডহর গ্রাম থেকে শাহনূরকে চোখ ও মুখ বেঁধে ভৈরব ক্যাম্পে নিয়ে যায়। সেখানে ক্যাম্পের অধিনায়ক সাকিব সিদ্দিক রাত সাড়ে ১১টার দিকে শাহনূরকে পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে শাহনূর অচেতন হয়ে পড়েন৷ পরদিন সকালে চেতনা ফিরলে তাঁকে নবীনগর থানায় নেওয়া হয়। উপজেলা সদরের আবু তাহেরকে থানায় ডেকে এনে শাহনূরের বিরুদ্ধে মামলা করায় র্যাব। পরে শাহনূরকে কারাগারে পাঠানো হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে গত ৪ মে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৬ মে শাহনূরের মৃত্যু হয়।
বাদীপক্ষের প্রধান আইনজীবী খায়রুল আনাম প্রথম আলোকে বলেন, ‘আদালত নবীনগর থানার ওসিকে র্যাবের বিরুদ্ধে এ মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন৷ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারেরও নির্দেশ দেন আদালত।’
নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, আদালতের নির্দেশের কথা শুনেছি৷ ওই নির্দেশনা হাতে এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।