ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রায় ১০০ ফুট অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ, ১০টি সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ সংযোগ ব্যবহারের অভিযোগে আটজন গ্রাহককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার নয়নপুর এলাকায় নির্বাহী হাকিম ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর বি এম রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার নয়নপুর এলাকায় কয়েকজন গ্রাহক অবৈধ সংযোগ ব্যবহার করছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জেলা প্রশাসন। গতকাল দুপুরে নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ লাইনের প্রায় ১০০ ফুট উচ্ছেদ করা হয়। অবৈধ সংযোগ স্থাপনের অভিযোগে নয়নপুর এলাকার এইচ এম শরীফকে ১ হাজার ৫০০ টাকা, আসমা বেগমকে আট হাজার, রাশিয়া বেগমকে দুই হাজার, নিলুফা বেগমকে ১ হাজার ৫০০, জাবেদা বেগমকে ১ হাজার ৫০০, উম্মে সালমা বেগমকে ১ হাজার ৫০০, মিনা বেগমকে দুই হাজার, ও শফিকুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এই আটজনসহ একই এলাকার এরশাদ মাস্টার ও শাহাজান মিয়ার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের রাইজার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মনিরুল হক, সহকারী প্রকৌশলী সেলিম খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বি এম রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।