ব্রাহ্মণবাড়িয়া আদালত এলাকায় পাওয়া বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত এলাকায় পাওয়া শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। র‌্যাবের সদর দপ্তর থেকে বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা এসে গত মঙ্গলবার রাতে এটি নিষ্ক্রিয় করেন।র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের বোমা নিষ্ক্রিয় দলের উপপরিচালক মেজর আবদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল বোমাটি নিষ্ক্রিয় করে। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মাহফুজ-উল-আমিন নূর জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত এলাকায় বোমা রয়েছে, এমন খবর পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। রাত আটটার পর ঘটনাস্থলে পৌঁছে তাঁরা তল্লাশি শুরু করেন। তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে তাঁরা বিচারকদের প্রবেশপথের প্রধান ফটকের ডান পাশে বৈদ্যুতিক খুঁটির গোড়ায় বোমাটির সন্ধান পান। কাগজের তৈরি শপিং ব্যাগে রাখা বোমাটি চারটি বালির বস্তা দিয়ে ঢাকা ছিল। বোমাটির ওজন আনুমানিক চার থেকে পাঁচ কেজি। এ সময় ওই এলাকাটি ঘিরে রাখেন র‌্যাব সদস্যরা। পরে এ বিষয়টি র‌্যাব সদর দপ্তরকে জানানো হয়। এরপর র‌্যাব সদর দপ্তর থেকে ছয় সদস্যের বোমা নিষ্ক্রিয় একটি দল রাত একটা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘণ্টা খানেক পর্যবেক্ষণের পর বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।বোমা নিষ্ক্রিয় দলের উপপরিচালক মেজর আবদুর রহমান প্রথম আলোকে জানান, এটি শক্তিশালী বোমা ছিল। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে কোনো চক্র এটি সেখানে পুঁতে রেখেছিল।