ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় হামলায় বিক্ষোভ, নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও গাইবান্ধায় সাঁওতালপল্লিতে হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে ও বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন।
গাইবান্ধায় সাঁওতালপল্লিতে হামলার প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্রে এমন ঘটনা ঘটতে পারে ভাবলেই আঁতকে উঠতে হয়। হামলায় চারজন নিহত হয়েছে দাবি করে তিনি এ হত্যাকাণ্ডের জন্য পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দুষ্কৃতকারীদের বিচার এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণসংহতি আন্দোলন। সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সমন্বয়কারী আবদুস সালাম, কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া ও গোবিন্দগঞ্জে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি হামলাকারী ও নিপীড়কদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান জানান।
এদিকে গণমুক্তির গানের দলের সম্পাদক ফারহানা হক শামা স্বাক্ষরিত বিবৃতিতে সাঁওতাল আদিবাসীদের উচ্ছেদ ও হত্যার প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, নিজেদের ঐক্য সুদৃঢ় করে সংগ্রাম চালিয়ে এসব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বিজয় লাভ করতে হবে।