ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহ পৌর নির্বাচন ১৩ মার্চ ভাঙ্গায় ২ এপ্রিল
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে ১৩ মার্চ। ২ এপ্রিল ভোট গ্রহণ করা হবে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায়।নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার এই তিন পৌরসভার নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে। আদালতের নির্দেশনার কারণে ভাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়া এবং সহিংসতার কারণে ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত করেছিল কমিশন।নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল বাতেন জানান, নির্বাচনী সহিংসতার কারণে স্থগিত হওয়া চট্টগ্রামের বারৈয়ারহাট, নোয়াখালীর কবিরহাট, যশোরের বাঘারপাড়া, ভোলার বোরহানউদ্দিন, হবিগঞ্জের নবীগঞ্জ ও জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় কয়েকটি পদে একটি করে কেন্দ্র বা ওয়ার্ডে ৯ মার্চ ভোট গ্রহণ করা হবে।তফসিল ঘোষিত ১০ ইউপিতে নির্বাচন হচ্ছে না: নির্বাচন কমিশন গতকাল জানিয়েছে, ভোটার তালিকার জটিলতার কারণে তফসিল ঘোষিত ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হচ্ছে না। এই ইউপিগুলো হলো: ভোলা সদরের রাজাপুর, কাচিয়া ও ইলিশা এবং বরগুনার আমতলীর পচা কড়ালিয়া, ছোট বগী, কড়ইবাড়ীয়া, শারিকখালী, বড় বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা।