ব্রাহ্মণবাড়িয়া ও দৌলতদিয়ায় ভাঙচুর হেফাজত কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের টিকিট না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে দুই দফা হামলা ও ভাঙচুর করেছেন হেফাজতে ইসলামের কর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। একই দিন যশোর থেকে আসা প্রায় অর্ধশত গাড়িবোঝাই হেফাজতের কর্মীরা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি না পেয়ে সড়ক অবরোধ করেন। এ সময় স্থানীয় কয়েক যুবক তাঁদের ওপর ইটপাটকেল ছুড়লে কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ও খাবার দোকানে হামলা চালান। যুবকদের ইটের আঘাতে ছয় নেতা-কর্মী আহত হন। এদিকে গাড়ি-দোকানপাটে হামলা প্রতিরোধে পুলিশ ও এলাকাবাসী এগিয়ে এলে তাঁরা যশোরে ফিরতে বাধ্য হন। ফেরার পথে রাজবাড়ী রাস্তার মোড়ে তাঁদের ১৫-১৬টি বাসে ভাঙচুর চালান আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সোয়া একটার দিকে সংগঠনটির কয়েক শ কর্মী-সমর্থক ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ঢাকা যাওয়ার টিকিটের জন্য লাইনে দাঁড়ান। কিন্তু টিকিট না পেয়ে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে টিকিট কাউন্টার ও রেলস্টেশন এলাকায় দুই দফা হামলা ও ভাঙচুর চালান তাঁরা। স্টেশনমাস্টার অমৃতলাল সরকার প্রথম আলোকে বলেন, ট্রেনের আসনযুক্ত টিকিট অনেক আগেই বিক্রি হয়ে যায়। টিকিট কাউন্টারের কম্পিউটারগুলোয় প্রোগ্রাম পরিবর্তন করায় যাত্রীদের গতকাল থেকে আসনবিহীন টিকিট দেওয়া যাচ্ছে না। গতকাল দুপুরে হঠাৎ যাত্রীদের ভিড় বেড়ে যায়। কম্পিউটারের সমস্যার কথা বললে তাঁরা ভাঙচুর শুরু করেন।দৌলতদিয়ায় হামলা: বিআইডব্লিউটিসি ও দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে হেফাজতের দুই হাজারের বেশি কর্মী-সমর্থক অর্ধশত বাসে করে যশোর থেকে দৌলতদিয়া ঘাটে আসেন। তাঁরা বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টারে ফেরি পারাপারের টিকিট চান। কিন্তু কাউন্টার থেকে তাঁদের টিকিট দেওয়া সম্ভব নয় বলে জানালে তাঁরা সড়কে অবস্থান নিয়ে জিকির শুরু করেন। এ সময় কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক ইট ও লোহার টুকরা তাঁদের লক্ষ্য করে ছোড়েন। এতে ঢাকা অভিমুখী লংমার্চের প্রধান সমন্বয়কারী মাওলানা হামীদুল ইসলামের (৪৮) মাথায় জখম হয়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্র আরও জানায়, বিভিন্ন দিক থেকে আসা ঢিলের আঘাতে মাওলানা মাসুদুর রহমান (৩৭), মাওলানা কামরুজ্জামানসহ (৪০) হেফাজতের ছয়জন আহত হন। উত্তেজিত কর্মীরা টার্মিনালে থাকা পাঁচ-ছয়টি বাসের কাচ ভাঙচুর করেন। পাশাপাশি অর্ধশত খাবার হোটেল, মুদি দোকান এবং প্রয়াত রাষ্ট্রপতি, স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যানের ছবিসংবলিত বিলবোর্ড ও পোস্টার ভাঙচুর করেন তাঁরা। এরপর তাঁরা স্থানীয় নৌপুলিশ ফাঁড়িও ঘেরাওয়ের চেষ্টা করেন। তখন থানার পুলিশের সঙ্গে রাজবাড়ী পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এসে ঘাটে অবস্থান নেয়। ঘাট ও আশপাশের এলাকার শত শত মানুষও লাঠিসোঁটা নিয়ে টার্মিনাল এলাকায় জড়ো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আবুল বাশার বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের কর্মীরা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালান। প্রায় পাঁচ প্লাটুন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সঙ্গে আলোচনা করলে পরিস্থিতি শান্ত হয়। পরে তাঁরা যশোর ফিরে যান। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক তানভির হোসেন বলেন, ‘ঘাটে ওই সময় গাড়ি না থাকায় ফেরিগুলো পাটুরিয়ায় ছিল। ফেরি পেতে দেরি হওয়ায় হেফাজতের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। ফেরি বন্ধ রাখার কথা সঠিক নয়।’এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফরিদপুর অফিস জানায়, যশোর ফেরার পথে রাজবাড়ী রাস্তার মোড়ে হেফাজতের ১৫-১৬টি বাসে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ভাঙচুর চালান। অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুসুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মীদের ইটপাটকেল নিক্ষেপে চার-পাঁচটি বাসের কাচ ভেঙে যায়। প্রবাসীকল্যাণমন্ত্রীর ভাই খন্দকার মোহতেসাম হোসেন বাস ভাঙার হাত থেকে কর্মীদের বিরত রাখার চেষ্টা করেন।