ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার দুই নারী নিহত হয়েছেন। একই দিনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুই নারী নিহত হন।
নিহত নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার শীতলপাড়া গ্রামের আবদুল হাইয়ের স্ত্রী রিতা ইসলাম (৩৩) ও নবীনগরের শ্যামগ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী রুবী খাতুন (৪০) এবং নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামের হাসমত আলীর মেয়ে হাসনা বেগম (২০) ও রানীগাঁও গ্রামের গোলাপ কাদিরের স্ত্রী অরফুলি বেগম (৬০)। ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ আহমেদ জানান, বেলা তিনটার দিকে সদর উপজেলার উড়শিউড়া স্থানে দিগন্ত পরিবহনের একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে পড়ে গেলে যাত্রী রিতা ইসলাম ও তাঁর তিন বছর বয়সী মেয়ে তাজরিন ইসলাম এবং অটোরিকশার চালক কসবার বিশারাবাড়ী গ্রামের আলী নেওয়াজের ছেলে মনির হোসেন (২৫) আহত হন। লোকজন তাঁদের জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রিতার মৃত্যু হয়। শিশু তাজরিনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন সাহা রিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-শ্যামগ্রাম সড়কের শ্রীরামপুরের কাছে একটি বালুবোঝাই ট্রলি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে পাশের খাদে পড়ে যায়। লোকজন অটোরিকশা থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক যাত্রী রুবী খাতুনকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গতকাল নকলা-নালিতাবাড়ী সড়কের কাপাসিয়া এলাকায় দুপুর একটার দিকে অরফুলি বেগমকে একটি ভটভটি (সেচযন্ত্রচালিত যান) পেছন থেকে চাপা দেয়। গুরুতর অবস্থায় নালিতাবাড়ী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেলা তিনটার টার দিকে নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়কের গড়কান্দা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই হাসনা বেগম নিহত হন। হাসনা তাঁর বড় বোনের স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বোনের বাড়িতে যাচ্ছিলেন।