ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর ও সিলেটের বিশ্বনাথ উপজেলায় গত শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের ভাষ্যমতে, আটক ব্যক্তিরা অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। অভিযান চলাকালে তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাবের বিবরণ অনুযায়ী, শনিবার রাত সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া বর্ডার বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতে তৈরি একটি রিভলবার ও চায়নিজ ছুরিসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর পৈরতলা গ্রামের মো. জুয়েল (২২), কান্দিপাড়া গ্রামের মো. সাইফুল হক (২২) ও ট্যাংকের উত্তরপাড় গ্রামের মো. আশিক ইমতিয়াজ (২২)। জুয়েলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে শনিবার রাত ১২টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার বরুনী গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও একটি দেশি পাইপগানসহ সুজন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি সিলেট সদর উপজেলার পাইখারগাঁও গ্রামে।গতকাল রোববার দুপুর ১২টার দিকে সিলেটের মেজরটিলা এলাকায় র‌্যাব-৯ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চারজনকেই হাজির করা হয়। সেখানে জুয়েল বলেন, ‘আমাদের একটি সংঘবদ্ধ চক্র আছে। টাকার বিনিময়ে এই চক্র জোরপূর্বক জায়গা দখল, চাঁদা আদায়, অস্ত্র সরবরাহসহ সবকিছুই করে থাকে। আমাদের ওপর লেভেলের বড় ভাইয়েরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি আওয়ামী লীগের সমর্থক। কিন্তু টাকা ভাগ-বাটোয়ারায় আমরা সবাই এক।’সুজন বলেন ‘একজনের প্ররোচনায় টাকার লোভে আমি বিভিন্ন ধরনের অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করতাম।’র‌্যাব-৯-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির আহমেদ সিদ্দিকী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিশ্বনাথ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।