ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে তিন ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গতকাল সোমবার সাবিনা আক্তার নামের এক তরুণী ও আখাউড়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হবিগঞ্জে তৈয়ব চান নামের গলাকাটা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের বাড়ির নিজ ঘরে সাবিনা (২০) ও তাঁর ভাগ্নি সাথী আক্তার ঘুমিয়েছিলেন। গতকাল সকালে সাথীর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় সাবিনাকে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। সাবিনার চাচা আবদুর খালেক বলেন, ওই রাতে সাবিনা ও তাঁর ভাগ্নি ছাড়া বাড়িতে আর কেউ ছিল না।সদর সার্কেলের পুলিশ সুপার (এসপি) মো. শহীদ আবু সরোয়ার বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জিজ্ঞাসাবাদের জন্য সাবিনার বড় ভাই হাসান মিয়া ও তাঁর স্ত্রী জাহেদা বেগম এবং ভাগ্নি সাথীকে আটক করা হয়েছে। অপরদিকে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের পাশের জমি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাসপুর এলাকায় তৈয়ব চান (৫৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে গলার আংশিক কাটা অবস্থায় পরিবারের লোকজন তৈয়ব চানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান। পরে পরিবারের লোকজন নিহতের লাশ বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি রহস্যজনক। পরিবারের লোকজনের দাবি তৈয়ব চান মানসিকভাবে ভারসাম্যহীন। তিনি নিজে বঁটি দিয়ে গলা কেটেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।