ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হত্যা মামলার ২ আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হত্যা মামলার দুই আসামি পালিয়ে গেছেন। গতকাল বুধবার সকালে তাঁদের পালানোর বিষয়টি জানা গেছে। এদিন সকালে প্রতিদিনের মতো রোল কল করার সময় তাঁদের পালিয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা প্রশাসক ও কারাগার পরিচালনা কমিটির প্রধান মো. আবদুল মান্নান কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। পালিয়ে যাওয়া আসামিরা হলেন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মনির হোসেন ও বিজয়নগর উপজেলার পাহাড়পুর গ্রামের আবদুল কাসেম বেপারীর ছেলে জসিম উদ্দিন বেপারী। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাতটা) কারা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খোলেনি। এদিকে আসামি পালানোর খবর পেয়ে কারা পুলিশের উপপরিদর্শক ফজলুর রহমান সদর উপজেলার উরশিউড়ায় অবস্থিত জেলা কারাগার পরিদর্শন করেন।