ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার
নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের এক নেতার হেফাজত থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুর্গারামপুর এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে নারায়ণগঞ্জে নিয়ে আসে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের ওই নেতা ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।পুলিশ জানায়, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমীন টিপু উদ্ধার হওয়া মোটরসাইকেলটি কিনে নম্বর পরিবর্তন করে চালাচ্ছিলেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, ১ জানুয়ারি শহরের মার্ক টাওয়ারের সামনে থেকে হাজীগঞ্জ এলাকার ইউসুফের লাল রঙের (ঢাকা মেট্রো-ল-১৪-৩৩৬৭) পালসার মোটরসাইকেলটি চুরি হয়। ওই ঘটনায় ইউসুফ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার পর পুলিশ এবাদুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে।