ব্রাহ্মণবাড়িয়া থেকে ১১ হাজার টন চাল কিনবে সরকার
ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এ বছর প্রায় ১১ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার। সাত হাজার ২২১ মেট্রিক টন সেদ্ধ এবং তিন হাজার ৫৩০ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, চলতি বছর আমন সংগ্রহের সময়সীমা ৯ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধরা হয়েছে। এর মধ্যে আশুগঞ্জ উপজেলা থেকে সবচেয়ে বেশি পাঁচ হাজার ১৭৭ মেট্রিক টন সেদ্ধ ও তিন হাজার ২২৭ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। সদর উপজেলা থেকে ৪৪৭ মেট্রিক টন সেদ্ধ ও ১০৩ মেট্রিক টন আতপ, সরাইল উপজেলা থেকে এক হাজার ১৭৪ মেট্রিক টন সেদ্ধ ও ১০৬ মেট্রিক টন আতপ, কসবা উপজেলা থেকে ১১১ মেট্রিক টন সেদ্ধ ও ৯৪ মেট্রিক টন আতপ, নাসিরনগর উপজেলা থেকে ২২ মেট্রিক টন সেদ্ধ ও আখাউড়া উপজেলা থেকে ৩০ মেট্রিক টন সেদ্ধ এবং বিজয়নগর উপজেলা থেকে ২৬০ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি সেদ্ধ চাল ২৬ টাকা এবং আতপ চাল ২৫ টাকা দর নির্ধারণ করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহজাহান ভূঁইয়া জানান, চালকল মালিকদের সঙ্গে চুক্তি হচ্ছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেদ্ধ চালের জন্য ৩০৬ এবং আতপ চালের জন্য ৭৩ জন মিল মালিকের সঙ্গে চুক্তি করা হবে।