ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি পাঁচ মাস ধরে বন্ধ
কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে জটিলতার কারণে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। মার্চ মাস থেকে তালা ঝুলছে লাইব্রেরিতে। লাইব্রেরির কর্মীদের আট মাসের বেতন-ভাতা দেওয়া হয়নি। পরিশোধ করা হয়নি পত্রিকার বিলও।গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, লাইব্রেরির প্রবেশপথে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। লাইব্রেরির প্রধান ফটকে তালা ঝুলছে।লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার বলেন, সমস্যা সমাধানের উপায় খোঁজা হচ্ছে। লাইব্রেরির সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম সাদত প্রথম আলোকে বলেন, গত বছরের ৯ জুলাই আগের কমিটির মেয়াদ শেষে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ ছিল ২৩ জুলাই। কিন্তু নির্বাচনের আগের দিন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা তৎকালীন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) খায়রুল আলম নির্বাচন স্থগিত করে দেন।সূত্র জানায়, এরপর ওই বছরের ৩১ জুলাই এডহক কমিটি করা হয়। ওই কমিটি ২০ সেপ্টেম্বর নতুন নির্বাচনের ঘোষণা দেয়। সেবারও নির্বাচন কমিশনার নিয়োজিত হন আরডিসি খায়রুল আলম। কিন্তু আবারও ভোট গ্রহণের আগের দিন নির্বাচন স্থগিত করা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এরপর লাইব্রেরির কার্যনির্বাহী কমিটি গঠনের ব্যাপারে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কমিটি না হওয়ায় লাইব্রেরির কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বন্ধ হয়ে পড়ে লাইব্রেরিটি। গ্রন্থাগারিক গোবিন্দ চন্দ্র সাহা বলেন, তিনিসহ তিনজন কর্মী চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসের বেতন-ভাতা পাননি। তা ছাড়া লাইব্রেরির জন্য কেনা পত্রিকার আট মাসের বিলও পরিশোধ করা হয়নি। তিনি জানান, বেতন-ভাতা না পাওয়ায় মার্চ মাস থেকে তাঁরা লাইব্রেরিতে আসছেন না।নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘পাবলিক লাইব্রেরির গঠনতন্ত্রে বিভিন্ন জটিলতা থেকে বেরিয়ে আসার কোনো পথ দেখানো হয়নি। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে আমার কোনো কিছু করার সুযোগের কথাও এতে বলা নেই।’ তিনি বলেন, মানবিক দিক চিন্তা করে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। জটিলতা নিরসনে সরকারি আইনজীবীর মতামত নেওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমি দুবার সভা ডেকেছিলাম। কিন্তু কোরাম সংকটের কারণে তা সফল হয়নি। শিগগিরই আবার সভা ডাকা হবে।’