ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার নির্বাচন তিন সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা যায়, ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জাতীয় সংসদের উপনির্বাচন হওয়ার কথা। উপনির্বাচনের জন্য প্রার্থীরা সমাবেশসহ যেসব প্রচার চালাতে পারেন, তা স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা পারেন না। কিন্তু তাঁরা তা করছেন। এটা সাংঘর্ষিক। এ ছাড়া দুটি নির্বাচন সমসাময়িক সময়ে হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। উপনির্বাচন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এমন যুক্তি তুলে ধরে পৌর নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে জহিরুল ইসলাম ভূঁইয়া নামে এক ভোটার হাইকোর্টে রিট আবেদন করেন।আবেদনকারীর পক্ষে আইনজীবী আনিসুল হক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আনিসুল হক প্রথম আলোকে বলেন, হাইকোর্ট তিন সপ্তাহের জন্য পৌর নির্বাচন স্থগিত করেছেন। একই সঙ্গে নির্বাচন পেছানো নিয়ে রুল জারি করা হয়েছে। হরতাল ডেকে স্থগিত: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নির্বাচন স্থগিতের প্রতিবাদে জেলা বিএনপি আজ মঙ্গলবার জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করে। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় এ কর্মসূচি স্থগিত করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।