ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সালিসে গুলি, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় এক সালিসে দুই পক্ষের সংঘর্ষে তিনটি ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে পাঁচ ব্যক্তি আহত হন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর ১২টায়। প্রত্যক্ষদর্শী ও সালিসকারীরা জানান, পৌর এলাকার হালদারপাড়ার বাসিন্দা কাউছার বাবুল ও পারভেজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাসংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তি করতে গতকাল বুধবার বেলা ১১টায় পৌর কাউন্সিলর আলী আহসান কাউসারের সভাপতিত্বে পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে এক সালিস বৈঠক বসে। সালিসের শেষ পর্যায়ে পৌর কাউন্সিলর খন্দকার মো. শাহ আলম বক্তব্য দেওয়ার সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনটি ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষে পারভেজ (৩০), নিপু (২৬), এখলাস (২৮), সুমন (৩০), আসাদ (৩০) ও মামুন আহত হন।এ ব্যাপারে পৌর কাউন্সিলর খন্দকার মো. শাহ আলম বলেন, ‘সালিসের শেষ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার সময় হঠাৎ কে বা কারা তিনটি পিস্তলের গুলি ছোড়ে।’সালিসের সভাপতি ও পৌর কাউন্সিলর আলী আহসান কাউসার বলেন, এটি ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনা কারও কাম্য হতে পারে না। মহল্লাবাসীকে নিয়ে বিষয়টির সুরাহা করা হবে।পৌরসভার সচিব মো. ইসহাক ভূঁইয়া গুলির কথা স্বীকার করে বলেন, পৌর মেয়র বর্তমানে ঢাকায় আছেন। তিনি এলে পরামর্শ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। তবে লোকজনের হাতে রামদা দেখেছি। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’