ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক ও শ্রেণীকক্ষ-সংকট
শ্রেণীকক্ষ ও শিক্ষক-সংকটে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। শিক্ষক ও শ্রেণীকক্ষের অভাবে নিয়মিত ক্লাস করতে পারছেন না শিক্ষার্থীরা। দিন দিন কমে যাচ্ছে শ্রেণীকক্ষে তাঁদের উপস্থিতি। শিক্ষা কার্যক্রম এভাবে বিঘ্নিত হওয়ায় ঐতিহ্য হারাতে বসেছে ৬৪ বছরের পুরোনো এই বিদ্যাপীঠটি।কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী শায়লা সিদ্দিকা বলেন, ‘ক্লাস হয় না বলে নিয়মিত কলেজে আসি না। মাঝেমধ্যে এলেও ক্লাস করতে না পেরে মন খারাপ করে বাড়ি ফিরে যাই।’শ্রেণীকক্ষের সংকট তুলে ধরে আরেক শিক্ষার্থী শাহজাদী সুলতানা (হিসাববিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ) বলেন, ‘অনেক সময় এক বর্ষের ক্লাসের কারণে অন্য বর্ষের ক্লাসই বাতিল হয়ে যায়।’কলেজ সূত্র জানায়, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এ কলেজ ১৯৭৯ সালে সরকারীকরণ হয়। প্রতিষ্ঠানটিতে ১৪টি বিষয়ে স্নাতক ও দুটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এখানে প্রায় আট হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষকের ৭১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৫২ জন।কলেজের উপাধ্যক্ষ আবদুর রাজ্জাক মীর জানান, বাংলা ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপকের দুটি, পদার্থবিদ্যা ও ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপকের একটি এবং ইসলামের ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষকের চারটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া রসায়ন ও উদ্ভিদবিদ্যা বিভাগের বিজ্ঞানাগার প্রদর্শকের দুটি পদই শূন্য।কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মিসবাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘তৃতীয় বর্ষে একটি ক্লাস করার পর আর ক্লাসই পাইনি। আর এখন চতুর্থ বর্ষে উঠে শিক্ষক ও শ্রেণীকক্ষের অভাবে ক্লাস হচ্ছে না। একমাত্র শ্রেণীকক্ষে এক বর্ষের ক্লাস চলতে থাকলে অন্যদের বারান্দায় ঘুরতে হয়।’ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনির হোসেন জানান, ব্যবস্থাপনা বিভাগ কলেজের সবচেয়ে বড় বিভাগ। এই বিভাগের পাঁচ ব্যাচে রয়েছে ছয় শতাধিক শিক্ষার্থী; কিন্তু শ্রেণীকক্ষ আছে মাত্র একটি।রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব বর্ধন জানান, রুটিনে ক্লাস থাকা সত্ত্বেও শ্রেণীকক্ষের অভাবে গত বছর (দ্বিতীয় বর্ষ) তাঁরা ক্লাস করতে পারেননি। এখন তৃতীয় বর্ষে তাঁদের বারান্দায় ক্লাস করতে হয়।বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বকুল তালুকদার বলেন, ‘আমাদের বিভাগের নিজস্ব কোনো শ্রেণীকক্ষ নেই। ডিগ্রি (পাস) কোর্সের কক্ষ ফাঁকা হলে আমাদের ক্লাস নেওয়া হয়।’কলেজের অধ্যক্ষ কাজী মো. মোস্তফা জালাল প্রথম আলোকে জানান, শিক্ষকের নতুন ৪২টি পদ সৃষ্টির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আর শ্রেণীকক্ষের সংকট কাটাতে নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আট কোটি ৬৯ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখন শুধু সরকারি বরাদ্দের বাকি। বরাদ্দ পেলে এ প্রকল্পের অধীন নতুন একাডেমিক ভবন ছাড়াও প্রশাসনিক ভবন এবং ছাত্রছাত্রীদের জন্য পৃথক দুটি ছাত্রাবাস নির্মাণ করা হবে।কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘শিক্ষকসংকটের বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে হচ্ছে করে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়াই হয়নি।’মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর-রশীদ বলেন, ‘এপ্রিলের মধ্যেই ৩০তম বিসিএসের মাধ্যমে বেশ কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আশা করছি, এতে কলেজগুলোয় শিক্ষকসংকট কমবে।’